|
সংবাদ শিরোনাম
| ||
|
তামিমের আড়াই কোটি টাকার বিয়ে,অর্ধকোটি টাকায় আসছেন বিদেশি শিল্পী-কুশলী!
হাইপ্রোফাইল বিয়ে। তাই আয়োজনও হাইপ্রোফাইল। কারণ বিয়েটা তারকা ক্রিকেটার তামিম ইকবাল খানের। আর এই আয়োজনের বাজেট প্রায় আড়াই কোটি টাকা। তামিম ইকবালের মতো জনপ্রিয় তারকার বিয়েতে এমন বাজেট হতেই পারে। এই ব্যয় আরও বেশি হলে কেউ আপত্তি করবেন এমন লোক মেলা কঠিন। তবে এই আনন্দের মধ্যেও কিছু প্রশ্ন উঁকি-ঝুঁকি মারছে। সেটা খুব বেশি অমূলক নয়। প্রশ্নগুচ্ছ বিদেশি তারকাদের ঘিরে। এই তারকারা আন্তর্জাতিক ক্রিকেট বা ক্রীড়া ব্যক্তিত্ব নন। বাইরে থেকে কোনো ক্রিকেটার আসছেন বলেও এ মুহূর্তে কোনো খবর নেই। খবরটা হচ্ছে, বিয়ের আয়োজনকে জমকালো করতে ভারত আর মালয়েশিয়া থেকে আনা হচ্ছে সংগীতশিল্পীসহ বেশকিছু কলাকুশলীকে। এতে ব্যয় হবে প্রায় অর্ধকোটি টাকা। ভক্তরা বলতে পারেন, এটা কোনো ব্যয় হল? বাজেট আরও বাড়লেও সেটা তামিমের উচ্চতার সঙ্গে বেমানান হবে না। প্রশ্নটা সেখানে নয়, বলছি দেশের শিল্পী আর কলাকুশলীদের অভাব হল কি না? সবাই জানি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিতে প্রাধান্য লাল-সবুজের। জাতীয় পতাকার এই রং ধারণ করে বহুবার এ দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছে টিম বাংলাদেশ। বিশ্বের এমন অনেক দেশ আছে, যারা কেবল বাংলাদেশকে চেনে ক্রিকেট দলের সাফল্যের কারণে। বিশেষ করে আন্তর্জাতিক তারকা বনে যাওয়া শাকিব-তামিম-মুশফিকদের কারণে। হাইপ্রোফাইল এই তিনজনের মধ্যে শাকিব পাঁচতারকা হোটেলে বিয়ে করলেও সেখানে প্রবেশাধিকার ছিল সংরক্ষিত। শাকিব আল হাসানের মতো অমন তারকার ওই বিয়ের অনুষ্ঠান নিয়ে ভক্তদের আক্ষেপের শেষ নেই। তবে শাকিবের ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবাল তেমনটি করছেন না। তার রাজসিক ব্যাটিংয়ের মতোই আয়োজন করা হচ্ছে বিয়ের। ২২ জুন তামিম তার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। আর এই ইনিংসে তার সঙ্গী, দীর্ঘদিনের বন্ধু আয়েশা। চট্টগ্রামে তামিমের পারিবারিক ঐতিহ্য কম-বেশি সবাই জানেন। তাই এই বিয়েতে চট্টলাবাসী আনন্দে মাতোয়ারা হবেন এটিই স্বাভাবিক। তার বিয়ের সবগুলো অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে। বিশেষ একটি সূত্রে জানা গেছে, এই বিয়ের বাজেট প্রায় আড়াই কোটি টাকা। এর মধ্যে ৩০-৩৫ লাখ টাকা ব্যয় হচ্ছে ভারতীয় কণ্ঠশিল্পীদের পেছনে, যা শুনে দেশের সাংস্কৃতিক অঙ্গনের যে কেউ হোঁচট খাবেন। সর্বশেষ এশিয়া কাপে পরপর চার ম্যাচে তামিম ইকবাল যেদিন চারটি হাফসেঞ্চুরি পূর্ণ করেন, নজর কাড়া সেই ম্যাচ যারা দেখেছেন তারা হয়তো ভুলে যাননি-এক-দুই করে চারটি আঙুল তুলে গোটা বিশ্বকে নিজের অস্তিত্ব নতুন করে জানান দেন তামিম। তার সেই বীরত্বগাথায় কোটি ক্রিকেট ভক্তের চোখে আনন্দাশ্রু দেখা গেছে। বলার মতো তামিমের এমন লড়াকু ইনিংস আরও অনেক রয়েছে। কিন্তু নিজের বিয়ের অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদেশি শিল্পীর প্রতি তার অনুরাগ অনেকেই মেতে নিতে পারছেন না। তামিমের বিয়েতে তাই ভারতীয় শিল্পী আর বিদেশি কুশলীদের আনাগোনা হাইপ্রোফাইল এ বিয়েকে কিছুটা প্রশ্নবিদ্ধ করতেই পারে।
বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, প্রায় ২৬ লাখ টাকা বাজেটে ভারত থেকে সান, সুনিধি চৌহান, সনু নিগামের মতো কণ্ঠশিল্পীদের আনা হচ্ছে ড্যান্স ট্রুপ ও যন্ত্রীসহ। ২১ জুন সন্ধ্যায় চট্টগ্রামের টেনিস কমপ্লেক্সে তামিমের গায়ে হলুদ অনুষ্ঠানে তিন হাজার আমন্ত্রিত অতিথির সামনে পারফর্ম করবেন তারা। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেক সাংস্কৃতিকবোদ্ধা বলেছেন-এ দেশে রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দি, কুমার বিশ্বজিত্, আসিফ আকবর কিংবা হাবিব ওয়াহিদ, ন্যান্সিরা তামিম ইকবালের বিয়ের আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানকে জমকালো করার জন্য যথেষ্ট ছিলেন। এসব শিল্পী সারারাত গান করলেও তাদের জনপ্রিয় গানগুলো শেষ হবে না। বিষয়টি একেবারেই তামিম ইকবালের ব্যক্তিগত বিষয়। তবু তিনি যেহেতু সেলিব্রেটি, তার কিছুই ব্যক্তি পর্যায়ে থাকে না। অনেক ঘটনা দেশের গণ্ডি ছাড়িয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে জনপ্রিয় এক কণ্ঠশিল্পী জানান, ‘তামিম ইকবাল চাইলে দেশের শিল্পীরা সারারাত তার আয়োজনে গান করে দিয়ে আসবেন। কারণ সে আমাদের দেশের গর্ব। তার সুখের দিনের সঙ্গী হতে পারলে আমরাই বেশি খুশি হতাম।’ গত আইপিএলে তামিম ইকবালকে ভারতীয় কোনো দল নিলামে কেনেনি। পরে পুনে ওয়ারিয়র্সের মালিক সুব্রত সাহারা তামিমকে দলে ভেড়ান। কিন্তু একটি খেলায়ও তাকে মাঠে নামানো হয়নি। দেশের মানুষ ওই ঘটনায় যারপর নেই হতাশ হয়েছিল। সুব্রত সাহারা ঢাকায় এলে এ নিয়ে তাকে মিডিয়া ছেড়ে কথা বলেনি। ক্ষুব্ধ তামিম আইপিএল শেষ হওয়ার আগেই ভারত থেকে চলে যান মালয়েশিয়া। সেই তামিমের বিয়ের আয়োজনে ভারতীয় শিল্পী আসছে! এটি মেনে নিতে পারছেন না তামিমভক্তরা। শুধু শিল্পী নন, বর-কনের বিয়ের পোশাকটিও নাকি ভারতীয় এক ডিজাইনারের তৈরি। এছাড়া মূল মার্কেটিং করা হয়েছে দুবাই থেকে। আর মালয়েশিয়া থেকে আনা হচ্ছে পেশাদার ফটোগ্রাফার। বিবি রাসেল আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার। তামিম ইকবাল যদি একবার তার শরণাপন্ন হতেন তাহলে নিশ্চয়ই বিবি রাসেল তাকে হতাশ করতেন না। পোশাক আর ডিজাইনে বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের। আমাদের ডিজাইনারদের পোশাক পরে আন্তর্জাতিক মডেলরা বিশ্ব পরিমণ্ডলের অনেক নামিদামি লাল কার্পেটে হাঁটছেন এখন। তামিমের কানে এ বিষয়টি তোলার মতো কি কেউ নেই? ফটোগ্রাফার হিসেবে এ দেশে নাসির আলী মামুন, ইকবাল আহমেদ, চঞ্চল মাহমুদের অনেক সাফল্যের গল্প শুনেছি। বাদ দিলাম তাদের কথা, তামিমের সাফল্য ফ্রেমবন্দি করে বছরের পর বছর পত্রিকার পাতা ভরে সুনাম কুড়িয়েছেন যেসব ক্রীড়া ফটোগ্রাফার তাদের একজনের নামও কি তামিমের মনে পড়েনি? তাছাড়া ওয়েডিং ফেস্টিভ্যালের ছবি তোলার জন্য বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম কুড়িয়েছে। তাদের বাদ দিয়ে মালয়েশিয়া কেন? তারা কি এদেশের ঐতিহ্য আর সংস্কৃতিকে আমাদের চেয়েও বেশি জানেন? বিষয়গুলো নিয়ে তামিম ইকবালের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তামিম ইকবালের চাচা আকরাম খান দেশের ক্রিকেটের কিংবদন্তি। ভাই নাফীস ইকবাল এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার। শোনা যাচ্ছে মা-চাচা-ভাই মিলে তামিমবধূকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার দিচ্ছেন। তামিম-আয়েশা দুই পরিবারই বনেদি এবং বিত্তশালী। তাদের বিয়েটা কি দেশীয় আয়োজনে বেলি ফুলের মালায় হলে সম্মান কমে যেত? নিশ্চয়ই নয়, বরং উদাহরণ হয়ে থাকত। সব মিলিয়ে প্রায় ১০ হাজার হাইপ্রোফাইল মেহমানকে দাওয়াত করা হয়েছে। থাকছে মেজবানের আয়োজন। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তামিম ইকবালের মতো দেশরত্নের বিয়েতে তাদের উপস্থিতি সাধারণ মানুষ আশা করতেই পারে। তারা যদি তামিমকে আশীর্বাদ করতে যান তাহলে সেটা শুধু তামিমভক্ত নয়, তামিমের জন্যও হবে অনেক বড় উপহার। যদিও গোটা বিষয়টিই তামিমের একান্ত ব্যক্তিগত বিষয়। এমন আনন্দঘন সময়ে তামিমের যা ভালো লাগে তা করতেই পারেন। সেই বিবেচনায় তার নতুন জীবনের শুভক্ষণে অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা রইল।
আবারও শীর্ষে সাকিব
এবার শিল্পা শেঠির পাশে দাঁড়ালেন সমিতা
চতুর্থবারের মতো বিশ্বকাপ ফুটবলে ইরান
আলোচিত সংবাদ
|
||